ভোটারদের খাবার পাঠিয়ে পদচ্যুত জাপানি মন্ত্রী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২০:২০

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শুক্রবার পদচ্যুত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের দামি বাঙ্গি, কমলা, কাঁকড়া, মাছের ডিম ও রাজকীয় জেলি উপহার দিয়েছিলেন তিনি। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, রাজনীতিবিদরা তাদের নিজ নির্বাচনী এলাকার ভোটারদের অনুদান বা উপহার পাঠাতে পারবেন না। খবর বিবিসির।

জাপানের স্থানীয় সাময়িকী শুকান বুনশুন এক প্রতিবেদনের মাধ্যমে ইশু সুগাওয়ারা তার ভোটারদের কি কি উপহার দিয়েছিলেন, তার একটি তালিকা প্রকাশ করে। একইসঙ্গে উপহার গ্রহণের পর মন্ত্রী বরাবর প্রাপকদের ধন্যবাদজ্ঞাপক চিঠিও প্রকাশ করে পত্রিকাটি। এরপরই স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এই খবর চাউড় হয়।  

সমবেদনা জানাতে এই মন্ত্রী তার এক সমর্থকের পরিবারকে ২০ হাজার জাপানি ইয়েন অনুদান দিয়েছেন বলেও খবর বের হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে অবশেষে মন্ত্রীত্ব হারাতে বাধ্য হন ইশু সুগাওয়ারা।

আরও পড়ুন:  আজারবাইজানের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শিনজো আবে তার পদত্যাগপত্র গ্রহণের খবর নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, 'তাকে আমিই নিয়োগ দিয়েছিলাম। এজন্য জাপানি জনগণের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।'

সুগাওয়ারা নিজের স্বপক্ষে বলেন, 'আমি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছি কি না, সে ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। তবে, আমি পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না, আমার কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হোক।'

ইত্তেফাক/এসএইচএম