চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বৃষ্টির পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্নাতকোত্তর শিক্ষার্থী। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে সুজন (৩৫) ও পলাশ এর স্ত্রী ডালিয়া বেগম(৩০)।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর রাজ্জাক ও তার চাচাতো ভাই মামুনের বাড়ির সামনে বৃষ্টির পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মফিজের ছেলে মামুন, পলাম, সুজন ও বকুল বাঁশের লাটি দিয়ে রাজ্জাকের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে মৃত্যু হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ বলেন, নিহতের চাচা সেতাউর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
