গত দুই দিনের বৃষ্টিপাত ও দমকা বাতাসে কুড়িগ্রামের ফুলবাড়িতে শতশত বিঘা আমন ক্ষেত নষ্ট হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ও দমকা বাতাসে ঘরবাড়ি গাছপালার ক্ষয়ক্ষতি না হলেও উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক হেক্টর জমির আমন ক্ষেত মাটিতে হেলে পড়ে।
অনেক ক্ষেতে পানি জমে থাকায় ধানের শীষ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় গোছা বেঁধে ধানগাছ তুলে দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। এছাড়া দমকা বাতাসে বেগুন, মুলা, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, লালশাকসহ অন্যান্য শাক-সবজীর পাতা ছিঁড়ে যাওয়া, হেলে পড়াসহ ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার শিমুলবাড়ী ছড়ারপাড় গ্রামের কৃষক সাবুল মিয়া, জামাল উদ্দিন ও কবির মামুদ গ্রামের কৃষক সুশীল চন্দ্র বর্মন, রহমত উল্ল্যাহ, পানিমাছকুটি গ্রামের কৃষক নুরু মিয়া ও আইয়ুব আলী জানান, বাজারে ধানের দাম নেই। উৎপাদিত ফসল বিক্রি করে খরচ উঠানো মুশকিল। তার উপর গত দুই দিনের ঝড় বৃষ্টিতে আমাদের আমন ধানের ক্ষেত মাটিতে পড়ে গেছে। এ বছর পেটের ভাত জোগাড় হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৮১৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। গত দুই দিনের বৃষ্টিপাত ও দমকা বাতাসে ৩০ থেকে ৩৫ হেক্টর আমন ধান মাটিতে হেলে পরেছে।
ইত্তেফাক/জেডএইচ
