সাভারের আশুলিয়ায় ৮'শ পিস ইয়াবাসহ ওয়াসিম আকরাম (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওয়াসিম ঢাকার ধামরাইয়ের সাওরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) এসএম কাওছার সুলতান জানান, নয়ারহাট এলাকায় মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম পালানোর চেষ্টা করলে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৮'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আড়াইহাজারে পানিতে পড়ে শিশুর মৃত্যু
তিনি আরও জানান, ওয়াসিম দীর্ঘদিন ধরে আশুলিয়া ও ধামরাই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
