জীবনের নিরাপত্তা চেয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিলন খন্দকার নামে এক সাংবাদিক। শনিবার (২৬ অক্টোবর) রাতে থানায় এ জিডি করা হয়। মিলন খন্দকার বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির গাইবান্ধা স্টাফ রিপোর্টার ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়া জানান, জিডির বিবরণে উল্লেখ করা হয়, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। মৎস্য সংরক্ষণ আইনে এই ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ জেলেদের ইলিশ মাছ ধরার অনুমতি দিয়েছেন বলে আনন্দ টিভি ও দৈনিক জনতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে সেলিম পারভেজ মুঠোফোনে মিলন খন্দকারকে জীবননাশসহ নানা ধরনের হুমকি দেন।
আরও পড়ুন: গাইবান্ধায় যুবদলের মিছিলে পুলিশের বাধা
তিনি আরও জানান, এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মিলন খন্দকার থানায় জিডি করেছেন। জিডি নম্বর ১৩৬১। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/এএএম
