বগুড়ায় ঘুষ গ্রহণকালে আনসার ভিডিপি কর্মকর্তা দুদকের হাতে গ্রেফতার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২৩:০৩

বগুড়ায় ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হয়েছে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান। রবিবার সন্ধ্যা ৬টায় মালতীনগর আনসার ও ভিডিপি কার্যালয়ে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনগাতি গ্রামের মৃত জয়নাল আবদীনের ছেলে।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, বগুড়া সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে গত ২৪ সেপ্টেম্বর ১২ জন ওয়ার্ড লিডারকে চাকুরিচ্যুতির শোকজ প্রদান করা হয়। তাদের চাকুরি নিয়মিত রাখতে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান প্রত্যেককের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ঘুষ দাবি করেন। বগুড়া শহরের ৫নং ওয়ার্ড লিডার শাকিল মামুন বিষয়টি দুর্নীতি দমন কার্যালয়ে অবগত করেন। দুদকের পাতানো ফাঁদ অনুযায়ী শাকিল আলম গতকাল সন্ধ্যায় ওই কার্যালয়ে গিয়ে ঘুষ প্রদানকালে তার দেয়া ২০ হাজার টাকাসহ আনিছুর রহমানকে হাতে নাতে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে অন্যান্যদের কাছ থেকে নেয়া ঘুষের আরো ২৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন, শাকিল আল মামুনের দেয়া তথ্য অনুযায়ী তার তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক ওয়াহেদ মঞ্জু, সুদীপ কুমার চৌধুরী, সহকারী পরিদর্শক মাহবুবুর রহমান ও কনস্টেবল বাবুল ইসলামের সমন্বয়ে একটি দল অভিযানে অংশ নেয়। ঘুষ গ্রহণকালে শাকিল আল মামুনের ২০ হাজার টাকাসহ আনিছুর রহমানকে হাতে নাতে গ্রেফতার করে দুদকের দল। এ রিপোর্ট লিখা পর্যন্ত সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি