পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, ষাটোর্ধ্ব বৃদ্ধের কারাদণ্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৩:১৮

চট্টগ্রামের রাউজান উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির নাম মো. রফিক (৬১)। সে উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেপারী পাড়ার মৃত নবাব মিয়ার পুত্র।

জানা গেছে, মাদক, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত হেল্পে ডেস্কে ওই বৃদ্ধ কর্তৃক পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ অভিযোগ আসে।এরপর অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমে পড়ে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

আরও পড়ুন: ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই এসআই ক্লোজড

সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম জানান, এলাকার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সকাল ৭ টার দিকে স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বিদ্যালয়ে যায় ভুক্তভোগী ছাত্রী। এই সময় রফিক তাদের পেছন পেছন শ্রেণিকক্ষে প্রবেশ করে দুইজনের একজনকে মুখ চেপে ধরে শরীরের বিভিন্নস্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা চালায়। এই সময় অপর সহপাঠী চিৎকার দিলে এলাকার লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়। পরে হেল্প ডেস্কের মাধ্যমে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।  

বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ছাত্রীর যৌন হয়রানির সত্যতা নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম। যৌন হয়রানিতে আক্রান্ত ছাত্রীর সরাসরি অভিযোগ এবং অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ যৌন হয়রানির দায়ে মো. রফিককে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ইত্তেফাক/এএএম