সন্তানের সামনেই গৃহবধূকে গণধর্ষণ, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১২:২৮

ভোলার মনপুরায় সাবেক ছাত্রলীগ নেতাসহ পাঁচ দুর্বৃত্ত এক গৃহবধূকে তার শিশু সন্তানের সামনেই ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করে। শনিবার উপজেলার চর পিয়াল এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

পরে নির্যাতিতা বাদী হয়ে রবিবার মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় চরফ্যাশনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুর বাড়ি ফিরছিলেন। পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২)  কিরণ (২৬) জোরপূর্বক বোটটি পার্শ্ববর্তী নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে আড়াই বছরের শিশু সন্তানের সামনেই গৃহবধূকে ধর্ষণ করে।

আরও পড়ুন: সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতনের ভিডিও ভাইরাল

ওসি আরও জানান, পরে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিড বোট নিয়ে চর পিয়াল ঘটনাস্থল গিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর পিয়াল থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে।  

ওসি সাখাওয়াত হোসেন আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে রবিবার রাতে উপজেলার সাকুচিয়া এলাকা থেকে গ্রফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

ভোলার সিভিল সারজন ডা. রথিন্দ্রনাথ রায় জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা রবিবার রাতেই সমপন্ন হয়েছে।  ভোলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা বেগম ভিকটিমকে পরীক্ষা করেন। আজ সোমবার এই রিপোর্ট ভোলার পুলিশ সুপারের নিকট পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম