ইনানীতে ৮ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৪:১৫

কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে এবার আট লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এত বড় ইয়াবার চালান উদ্ধার হওয়ার ঘটনা দেশে নজিরবিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় এক রোহিঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত ১২ টার দিকে মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্ত রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্র সৈকত থেকে ইয়াবার এ চালানটি জব্দ করা হয়।

আটক রোহিঙ্গা মো. জামাল হোসেন (২২) টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ২২ এর আওতাধীন ডি-২ ব্লকের মো. হোছনের ছেলে।

আরও পড়ুন: ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে গরু পাচারকারী ভারতীয় নিহত

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান ইনানীর হোটেল রয়েল টিউলিপের এক কিলোমিটার দক্ষিণে পাটুয়ার টেক ব্রিজের পশ্চিম দিক দিয়ে ঢুকছে এমন সংবাদ পায় র‌্যাব। ওই সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের অবস্থান টের পেয়ে ইয়াবা চোরাচালানে সম্পৃক্ত নুর হাফেজসহ ৫/৬ জন ট্রলারযোগে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮ লাখ পিস ইয়াবসহ ওই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এটি এ বছরে সর্বোচ্চ পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা। আটক জামালকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম