জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের দল। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। তিনি বলেন, দেশের তিনটি প্রধান বড় দলের মধ্যে জাতীয় পার্টি একটি। জোটবদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, কিন্ত শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই আমরা সরকারে যাইনি। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করে, সরকারের ভূল-ক্রুিট ধরিয়ে দিচ্ছি। সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেওয়া মানেই জনগণের উপকার করা। বিরোধীতা মানেই সরকারের সকল কর্মকাণ্ডে বিরোধীতা, অশালীন বক্তৃতা এবং জনগণের জন্য কষ্টদায়ক কর্মসূচি দেওয়া নয়।
আজ দুপুরে গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সব প্রেরণার উৎস। বাংলাদেশের উন্নয়নের ইতিহাস থেকে পল্লীবন্ধুর অবদান কখনোই মুছে ফেলা যাবে না।
তিনি বলেন, আমরা পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্ন প্রাদেশিক সরকার গঠন ও ভোটের অনুপাতিক হারে সংসদীয় প্রতিনিধি নির্বাচনের কর্মসূচি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা দূর করতেই, হুসেইন মুহম্মদ এরশাদের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ফর্মুলা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুন: ২০২০ সালে সরকারি ছুটির ৮ দিনই শুক্র-শনিবার
তিনি বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে, তাদের মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টিতে দুর্নীতিবাজ নেই. তাই দেশের রাজনীতিতে আগামী দিনে জনগনের ম্যান্ডেড পেতে জাতীয় পার্টির উজ্জল সম্ভাবনা রয়েছে। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ইত্তেফাক/কেকে

