বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। রবিবার রাতে নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের ছেলে ফাহাদ খন্দকারকে (১৮) আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।
শিশুটির মা জানান, গত মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে পান্নু খন্দকারের স্ত্রী লাভলী বেগম ডাকলে মেয়েকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যাই। সেখানে ঘরে বসে আমরা গল্প করছিলাম। এসময় আমার মেয়ে ও লাভলীর মেয়ে বর্ষার সঙ্গে উঠানে খেলছিল। কিছুক্ষণ পর চকলেটের লোভ দিয়ে পান্নু খন্দকারের ছেলে ফাহাদ তার ঘরে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আমি দৌড়ে আসি ও বিছানায় রক্ত দেখতে পাই। তখন লাভলী বেগম ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফাহাদ পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনার পর আমার মেয়ে অসুস্থ হয়ে পরলে লাভলী বেগম মেয়ের সুস্থতার জন্য কিছু ওষুধ এনে দেন। এসময় তিনি লোকজন জানলে মেয়ের বিয়ে হবে না বলে আমাকে ভয় দেখান। পরে তার কথামতো আমি চুপ থাকি। এরপরও আমার মেয়ে সুস্থ না হওয়ায় হাসপাতালে নিয়ে যাই। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
মোল্লাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।
ইত্তেফাক/জেডএইচ
