মামার জমি দখল করে কারাগারে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৮

জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে মামার জমি দখল করে বিক্রি করার অপরাধে যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত রবিবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মোছা. তাহমিনা আক্তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

হাবিবুর রহমান হাবিব নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এছাড়া ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার অন্যতম আসামি তিনি। একই সঙ্গে ২০১০ সালের মার্চ মাসে জলমহাল নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা ইয়াসমীনকে লাঞ্ছিত ও অফিস সহকারীকে হত্যার হুমকি প্রদান করেন তিনি। এ নিয়ে ২০১০ সালের ৭ মার্চ মামলা দায়ের করা হয়। 

আরো পড়ুন: মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চে উঠতে না দেওয়ায় ক্ষোভ, জানলে অনুমতি দিতেন কাদের

সূত্রে প্রকাশ, হাবিবুর রহমান হাবিব রাজনৈতিক প্রভাব বিস্তার করে তার মামা যুক্তরাজ্য প্রবাসী শেখ মো. আব্দুল গফুরের নবীগঞ্জ ওসমানী রোডের বাসা, দোকান ও শেরপুর রোডের দোকান একের পর এক দখল করে নেন। এরপর তার অপর মামাতো ভাইকে হাত করে আব্দুল গফুরের সাদুল্লাপুর মৌজার ৬৫৩ দাগের ৭ শতক জমির জাল দলিল করে প্রভাব খাটিয়ে নামজারি করে মকদ্দুছ আলীর নিকট বিক্রি করেন। এ ব্যাপারে শেখ আব্দুল গফুর মামলা দায়ের করলে গোয়েন্দা বিভাগের ওসি আব্দুল রাজ্জাক তদন্ত করে আদালতে রিপোর্ট দাখিল করেন। 

ইত্তেফাক/জেডএইচ