দেশে একটা কিছু ঘটতে যাচ্ছে: শামীম ওসমান

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:১২

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিকে এক জায়গায় নিতে চাচ্ছেন। তিনি আইনের শাসন দিতে চাচ্ছেন। অথচ সমস্ত শক্তি একসঙ্গে খেলা শুরু করেছে। এই শক্তির সাথে দুর্নীতিবাজদের টাকাও যোগ হয়েছে। দেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

 

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

শামীম ওসমান বলেন, বুয়েটে একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মামলা হওয়ার আগেই ছাত্রলীগের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুয়েটে যারা ভর্তি হয় তারা সেরার সেরা। অথচ এ মামলায় আরো ২০ জন সেরার সেরা ছাত্র জড়িত হয়ে গেছে। যদি প্রমাণিত হয় তারা অপরাধী তবে তাদের কারো ফাঁসি হবে অথবা কারো যাবজ্জীবন সাজা হবে।

 

শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের লাইফ কিন্তু সামনে কঠিন। এখনই সময় সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হতে হলে ভালো ফলাফল করতে হবে। তুমি যদি জীবনে কিছু করতে চাও? সবার আগে তোমার মা-বাবার প্রতি দায়িত্ব পালন করো, দ্বিতীয়ত হচ্ছে সমাজের জন্য দায়িত্ব পালন করো, তৃতীয়ত হচ্ছে দেশের জন্য কিছু একটা করো।

 

ইত্তেফাক/এএম