গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। 'ডি', 'ই', 'এফ' এবং 'জি' ইউনিটের এ আসন বিন্যাস প্রকাশ করা হয়। এ বছর মোট ১৪ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে পর্যাপ্ত জায়গা না থাকায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের মাঝে ত্রিপল টানিয়ে এবং বিভিন্ন বিভাগের বারান্দায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো পরীক্ষার উপযোগী করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অন্যদিকে সমগ্র বাংলাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, জেলা অ্যাসোসিয়েশনসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে স্টল দিয়ে সেবাকেন্দ্র চালু করা হয়েছে।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে নয়টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগের ২ হাজার ৭৪৫ আসনের বিপরীতে ১ লাখ ৩১ হাজার ১১২ শিক্ষার্থী আবেদন করেছে। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৪৮ জন শিক্ষার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
আরও পড়ুন: সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম শুরু
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে 'এফ' এবং 'জি' ইউনিটের ১ নভেম্বর। 'ডি' এবং 'ই' ইউনিটের ২ নভেম্বর। 'সি' এবং 'এইচ' ইউনিটের ৮ নভেম্বর। 'এ', 'বি' এবং 'আই' ইউনিটের ৯ নভেম্বর। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট wwww.bsmrstu.edu.bd-তে জানা যাবে।
ইত্তেফাক/এএএম
