রিয়াল ছাড়ছেন বেল, নতুন ঠিকানা চীন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৮:২১

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দলবদলের নাটক নতুন মোড় নিয়েছে। স্প্যানিশ গণমাধ্যমগুলো দাবি করেছে সামনের জানুয়ারির দলবদলে ওয়েলসম্যানের নতুন ঠিকানা হবে চীনের কোন ক্লাব​। এমন সময়ে দাবিটি  উঠেছে যখন মনে করা হচ্ছিল নতুন মৌসুমে বুঝি জিদান-বেল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। 

দলবদলের নতুন নাটকের শুরু ১ অক্টোবরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ম্যাচকে কেন্দ্র করে। বেলজিয়ান ফুটবল ক্লাব ব্রুগের বিপক্ষে দল ঘোষণার সময় কোন কারণ উল্লেখ না করে হুট করেই দল থেকে বাদ দেওয়া হয় বেল ও হামেস রদ্রিগুয়েজকে। এতে বেল ভাবেন তাকে শাস্তি স্বরূপ বাদ দেওয়া হয়েছে। রেগে গিয়ে ওয়েলস তারকা নিজ এজেন্ট জনাথন বারনেটকে ডেকে বলে দেন জানুয়ারির দল বদলে নতুন ক্লাবের খোঁজ করতে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি বেলের নতুন ঠিকানা হতে যাচ্ছে চীনের কোন ক্লাব।

তবে রিয়াল বস জিনেদিন জিদান জানিয়েছেন ইনজুরির কারণেই বেল দলে জায়গা পাননি। জিদান বলেন, ‘দলের সব খেলোয়াড়ই (২৫ জন) গুরুত্বপূর্ণ। দুই জনকে বাদ দেওয়া হয়েছে কারণ আমরা কোন ঝুঁকি নিতে চাইনি’। 

আরও পড়ুন: সাকিবের বিষয়ে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

কয়েক মৌসুম ধরেই রিয়ালে নিজের যোগ্য সম্মান পাচ্ছেন না দাবি করে আসছিলেন বেল। গত জুনে দলবদলের সময় তাই বেল চাইছিলেন স্পেন ছাড়তে। খবর বেরিয়েছিল চীনে যাচ্ছেন ওয়েলস তারকা। রিয়ালও চাইছিল তাদের সোনার হরিণকে বিদায় জানাতে। তবে শেষ পর্যন্ত দামে বনি বনা না হওয়ায় আর দল বদল হয়নি। 

নতুন মৌসুমও ভালোই শুরু করেছিলেন বেল। পাচ্ছিলেন প্রথম স্কোয়াডে খেলার সুযোগ। ভাবা হচ্ছিল জিদানের ভরসার পাত্র হয়ে উঠছেন বেল। এমন সময়ে বেলের দল বদলের আগ্রহের খবরে রিয়ালে বেলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। 

ইত্তেফাক/এসইউ