বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, জেলার পাথরঘাটা উপজেলার খাশতবক গ্রামের জুয়েল প্যাদা (৪২) ২০১৭ সালের ২৫ মে তার স্ত্রী সাবিনা বেগম বাড়িতে না থাকার সুযোগে টাইগার নামক কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে তার ১৪ বছরের মেয়েকে অজ্ঞান করে ধর্ষণ করে। ঘটনার তিনদিন পর কিশোরীর নানা আবদুল হামিদ কাজী বাদী হয়ে জুয়েল প্যাদাকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।
আরও পড়ুন: ভেড়ামারায় ডেঙ্গুতে নৌবাহিনী কমান্ডারের মৃত্যু
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি জুয়েল প্যাদা আদালতে উপস্থিত ছিলেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আশরাফুল আলম। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট হুমায়ুন কবির।
ইত্তেফাক/এএএম
