ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় ডায়েরি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাবেদ রহিম বিজন নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার। এ ঘটনায় সোমবার রাতে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই সাংবাদিক।  

এতে অভিযোগ করা হয়, ‘আখাউড়ায় খলিফা সাম্রাজ্য’ শিরোনামে গত ২৫শে অক্টোবর দৈনিক মানবজমিনে তার একটি সংবাদ প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যাসহ নানা ধরনের হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়। ‘কাজল ভাইয়ের সমর্থক’ নামে ফেসবুক আইডি থেকে ২৬শে অক্টোবর রাতে ‘বিজনের হাতের দাম-১০০০০০০০/,পা-৫০০০০০০, মামলাসহ দেখবো ১৫০০০০০০’- একটি পোস্ট দেওয়া হয়। 

এছাড়া ‘মানবজমিন এর জাবেদ রহিম বিজন, জেলা প্রতিনিধি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বিজনকে যেখানে পাবে-তাকে সাইজ যে করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে’ ইত্যাদি আরও কিছু পোস্ট দেওয়া হয়। 

এদিকে ওই পোস্ট দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়াসহ জেলার বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীদের দৃষ্টিগোচর হয়। এরপর তারা বিষয়টি বিজনকে অবহিত করলে তিনি এবং অন্যান্য সাংবাদিকরা এসব পোস্টটি দেখতে পান। 

আরও পড়ুন: চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

প্রসঙ্গত, গত ২৫ শে অক্টোবর সকাল ৯টার দিকে দৈনিক মানবজমিন’র কয়েক’শ কপি আখাউড়ার আজমপুর রেলস্টেশন থেকে ছিনতাই করে আখাউড়া যুবলীগ আহবায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বাড়িতে পোড়ানো হয়। মানবজমিন আখাউড়া ঢুকতে না দেওয়ার বিষয়ে যে পোষ্ট দেওয়া হয়েছে সে বিষয়েও সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়। এছাড়া এই অপরাধ তৎপরতার সঙ্গে কারা জড়িত গণমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে সাধারণ ডায়েরিতে তাদের নাম উল্লেখ করা হয়।  

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, আমরা অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

 ইত্তেফাক/এএএম