কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষক মিরাজুল হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের কোরবান আলীর ছেলে কামাল হোসেন (৪০) ও একই এলাকার মুন্তজ আলীর ছেলে পলাতক আসামি কামরুল ইসলাম (৩৭)।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৪ জুলাই রাতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে কৃষক মিরাজুলকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো দিয়ে কুপিয়ে ও বেদম পিটিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিরাজুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় পর দিন মিরাজুলের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে পাঁচ আসামির নাম উল্লেখ করে মিরপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ মে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালতে চার্জ গঠন, সাক্ষ্য, শুনানী ও যুক্তি-তর্ক শেষে মামলাটি প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। মামলায় এক নারীসহ অপর তিনজন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামি কামরুল ও কামালের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় বিচারক তাদের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ইত্তেফাক/আরকেজি
