ডিপিডিসিকে ৩ কোটি ইউরো বাড়তি ঋণ দিচ্ছে ফ্রান্স

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৩৫

 ইত্তেফাক রিপোর্ট

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে (ডিপিডিসি) বাড়তি ৩ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফ্রান্স উন্নয়ন সংস্থা (এএফডি)। এ লক্ষ্যে গতকাল বুধবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ১৪টি বিদ্যুত্ সাবস্টেশন স্থাপন ও আধুনিকায়নের প্রকল্পে এর আগে ডিপিডিসিকে ১০ কোটি ইউরো ঋণ দেয় এএফডি। গতকাল একই প্রকল্পে বাড়তি ঋণ দেওয়ার চুক্তি হয়েছে। এএফডির পক্ষে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেন মেরিন ও এএফডির আঞ্চলিক পরিচালক জ্যাকি এম্পরো এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করছে ফ্রান্স। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়া এবং নতুন কিছু যন্ত্রপাতি ক্রয়ে বাড়তি এই ঋণ ব্যবহার করা হবে।

এ বিষয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে ফ্রান্স সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত বাংলাদেশের ১২টি উন্নয়ন প্রকল্পে ৬১ কোটি ইউরো সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এএফডি। বিশেষ করে নগর অবকাঠামো, নগর পরিবহন ব্যবস্থা, পানি সরবরাহ, জ্বালানির দক্ষতা বড়ানো, তৈরি পোশাক শিল্পে নিরাপত্তার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে যাচ্ছে এএফডি। ডিপিডিসির এ প্রকল্প বাস্তবায়ন শেষ হলে প্রায় ১১ লাখ মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।