বিসিককে শিল্প সম্ভাবনার ওপর সমীক্ষার ভিত্তিতে প্রকল্প গ্রহণের পরামর্শ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৩৬

 ইত্তেফাক রিপোর্ট

উদ্যোক্তাদের চাহিদা এবং তৃণমূল পর্যায়ে বিরাজমান শিল্প সম্ভাবনার ওপর সমীক্ষা চালিয়ে কার্যকর প্রকল্প গ্রহণের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন শিল্প সচিব মো. আবদুল হালিম। একই সঙ্গে সরকারি সম্পদ ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে বিসিক প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান এতে সভাপতিত্ব করেন। শিল্প সচিব বলেন, বিসিক বাংলাদেশের শিল্পায়নে মৌলিক কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন কার্যক্রম গতিশীল করতে বিসিক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর কর্মকাণ্ড ও সাফল্য ততটা প্রচারে আসেনি।

বিসিক চেয়ারম্যান বলেন, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে নিরীক্ষা আপত্তি কমে যাবে। বিসিকের অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিসিক পরিচালক মো. খলিলুর রহমান, মো. মাহবুবুর রহমান ও স্বপন কুমার ঘোষ প্রমুখ।