‘আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
স্পোর্টস রিপোর্টার
তামিম ইকবালের এই সময়ে ছুটি নেওয়াটা একটু সন্দেহের চোখেই দেখা হয়েছিল। বোর্ডের শীর্ষ পর্যায় থেকেই বলা হচ্ছিল, এটাও ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হতে পারে। কিন্তু তামিম ইকবাল গতকাল নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, তার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে। আর এই সময়ে তিনি স্ত্রীর পাশেই থাকতে চেয়েছেন বলে এই ছুটি।
তামিম বলেছেন, তিনি এই ভারত সফরের জন্য নিজেকে খুব ভালোভাবে তৈরি করছিলেন। মাঝে ক্লান্তিজনিত কারণে বিশ্রাম নেওয়ার পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন তিনি। আর সেই সিরিজটা ভারতের বিপক্ষে হওয়ায় তিনি রোমাঞ্চিত ছিলেন। সেই সিরিজটা খেলতে না পারায় নিজের হতাশা প্রকাশ করে ফেসবুকে তামিম লিখেছেন, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ। বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলন করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। কিন্তু তার পরও সফরে যেতে পারছি না, কারণ কখনো কখনো পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’
তামিম ব্যাখ্যা করে বলেছেন, কেন তাকে বাড়তি সময় থাকতে হচ্ছে স্ত্রীর পাশে। তার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়াতেই এই দ্বিতীয় সন্তান জন্মের সময়ে একটু বেশি সময় তাকে হাসপাতালে থাকতে হচ্ছে। সারাবছরই পরিবার থেকে দূরে থাকা তামিম এই সময়ে অন্তত স্ত্রীর পাশে থাকতে চেয়েছেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদেরকে প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’
তামিম লিখেছেন, এই ছুটিতে থাকা অবস্থায় তিনি দলকে ও খেলাকে খুব মিস করবেন। তবে খুব দ্রুত আবার মাঠে ফিরে আসার আশাবাদ শুনিয়েছেন তিনি, ‘আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
