হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৭

সিরিজ সেরা জাহানারা আলম

 স্পোর্টস রিপোর্টার

প্রথম দুই ম্যাচে হেরেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ নারী দল। গতকাল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও হারল সালমা খাতুনের দল। ফলে পাকিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল। এই সফরে বাংলাদেশের বড়ো প্রাপ্তি জাহানারা আলমের বোলিং। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন।

আগে ব্যাট করা পাকিস্তান দল ৭ উইকেটে ১১৭ রান করেছিল। মাত্র ১৯ রানে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর জাভেরিয়া খানের ৫৪ ও উমাইমা সোহেলের ৩১ রান পাকিস্তানকে এগিয়ে দেয়। শেষ দিকে আবার দলটি রান করতে পারেনি।

১১৮ রান বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ লক্ষ্য ছিল। কিন্তু ২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলায় এই রান তাড়ায় সেভাবে ছুটতে পারেনি তারা। এরপর ১২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা ৪৪ বলে ৩০ ও ফারজানা হক ২৬ বলে ২৭ রান করে একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ৮ উইকেটে ৮৯ রানের বেশি করতে পারেনি।