স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির জোড়া গোল ও আরো দুটিতে বলে জোগান মিলে বার্সেলোনা ৫-১ ব্যবধানে রিয়াল ভালাদোলিদকে হারিয়ে স্পানিশ লিগের শীর্ষে ফিরে এলো।
বার্সেলোনা ডিফেন্ডার ক্লেমেন্ত লেঙ্গলেট ক্যাম্প ন্যুতে দ্বিতীয় মিনিটেই গোলের সূচনা করেন। অতিথি দলটি অবশ্য ১৫তম মিনিটেই সমতা ফেরায়। তবে এরপর আর ভালাদোলিদ পেরে ওঠেনি। মেসির জোগান থেকে আরতুরো ভিডাল লা লিগা চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। এরপরই দুর্দান্ত ফ্রি-কিকে বিপক্ষের জালে বল পাঠান অধিনায়ক মেসি। ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে এটা ছিল আর্জেন্টিনা অধিনায়কের ৫০তম গোল।
ভালাদোলিদের মিশেল তো বলেই ফেলেন, ‘তার পা থেকে তাক লাগানো কিছু আসছিল। আপনি কেবল এর প্রশংসায় মেতে এটাকে উপভোগ করতেই পারেন।’
বিরতির পরও মেসি জাদু অব্যাহত ছিল। ইভান র্যাকিটিচের কাছ থেকে বল পেয়ে তিনি দুর্দান্তভাবে সেটিকে নিয়ন্ত্রণে রেখে গোলাসম শটে সেটিকে বিপক্ষের জালে আছড়ে দেন। যেন এসবই যথেষ্ট ছিল না। তাই এবার তিনি বিপক্ষের রক্ষণভাগকে গলিয়ে একটা বল পাঠালেন সতীর্থ লুই সুয়ারেজকে। অতঃপর সুয়ারেজ দলের পঞ্চম গোলটি করেন। গত সপ্তাহান্তে এল ক্ল্যাসিকো বাতিল হয়ে যাওয়ায় বার্সেলোনার খেলা ছিল না। কাতালোনিয়ায় (এখানেই বার্সেলোনা ক্লাব অবস্থিত) আন্দোলন সংগ্রামের কারণে পূর্ব নির্ধারিত এ খেলাটি স্থগিত রাখা হয়। এ কারণে গ্রানাডা গত সপ্তাহে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে অপ্রত্যাশিতভাবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল।
শীর্ষে ওঠার জন্য তাই বার্সেলোনার দরকার ছিল জয়। সেটিই তারা করে দেখাল নৈপুণ্যে জ্বলে উঠে। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ১-১ গোলে আলাভেসের সাথে ড্রয়ে বাধ্য হয়। জয় পেলে অ্যাটলেটিকো অবশ্য বার্সেলোনার কাতারেই থাকত। এখন দুই পয়েন্টে পিছিয়ে গ্রানাডার সাথে দলটি আছে তৃতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ আছে ষষ্ঠ স্থানে। গত রাতে তাদের খেলা ছিল লেগানেসের সঙ্গে।
