জানিয়ে রাখা ভালো, নেদারল্যান্ডস ও নামিবিয়ার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাপুয়া নিউ গিনি ও আয়ারল্যান্ড। যেকোনো ফরম্যাটে এটাই হবে পাপুয়া নিউ গিনির প্রথম বিশ্বকাপ।
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো নেদারল্যান্ডস ও নামিবিয়া। এর মধ্যে এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে নামিবিয়া। আর ওয়ানডে বিশ্বকাপেও সর্বশেষ তারা খেলেছে সেই ১৭ বছর আগে।
আগের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের পাঁচটি প্লে-অফ ম্যাচে হেরে মূল পর্বে খেলা হয়নি নামিবিয়ার। এবার শেষ পর্যন্ত প্লে-অফে এসেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হলো তাদের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও নামিবিয়াকে হারিয়ে তাদের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাত্ করে দিয়েছিল ওমান। এবার অবশ্য তেমনটা হতে দেয়নি নামিবিয়া।
ওমানের বিপক্ষে নামিবিয়া জিতেছে ৫৪ রানে, সেই প্লে-অফের ম্যাচেই। যদিও, ওমানেরও এখন অবধি সুযোগ টিকে আছে। সেজন্য হারাতে হবে হংকংকে। ম্যাচে জিতলেই মিলবে অস্ট্রেলিয়ার টিকিট।
অন্যদিকে প্লে-অফের অপর ম্যাচে আর বাছাইপর্বের স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নেদারল্যান্ডস হারিয়েছে আট উইকেটে। এই জয়ে টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে পৌঁছে গেল ডাচরা।
জানিয়ে রাখা ভালো, নেদারল্যান্ডস ও নামিবিয়ার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাপুয়া নিউ গিনি ও আয়ারল্যান্ড। যেকোনো ফরম্যাটে এটাই হবে পাপুয়া নিউ গিনির প্রথম বিশ্বকাপ।
