বেড়িবাঁধ এলাকায় বসবাসরতদের উচ্ছেদে নোটিশ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০৪

নাফ নদীর তীরে সীমান্ত সড়ক

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

আন্তর্জাতিক সীমান্তরেখা কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ডান তীর তথা বাংলাদেশের উখিয়া-টেকনাফ সীমান্তে ৬০ কিলোমিটার বেড়িবাঁধে নিরাপত্তা উন্নতকরণ এবং মাদক পাচার রোধে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় প্রশস্ততা বৃদ্ধিকরণ ও পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কক্সবাজার জেলা পাউবোর কার্যালয় থেকে আগামী এক সপ্তাহের মধ্যে টেকনাফের নাফ নদী উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়েছে। গত ২৭ অক্টোবর টেকনাফ উপজেলা পাউবোর এক কর্মকর্তা সরেজমিনে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া, মিস্ত্রিপাড়া, বৃহত্তর জালিয়াপাড়ায় ২৫০টি পরিবার, হ্নীলা মৌলভীবাজার সুলিশপাড়া, হোয়াব্রাং, ১ নং স্লুইসগেট, কাস্টমস ঘাটে ১২২ পরিবার ও গুদামপাড়ায় ২৭ পরিবার বেড়িবাঁধের পাদদেশে বসবাসকারীদের উচ্ছেদ করতে নোটিশ প্রদান করেন।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘সীমান্ত সড়ক প্রকল্প বাস্তবায়নের জন্য এসব বেড়িবাঁধের পাদদেশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা গরিব জনসাধারণকে উচ্ছেদ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এসব অসহায় ও গরিব পরিবারকে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা কামনা করছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, ‘সীমান্ত সড়কটি বাস্তবায়ন সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টা। এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবার সহায়তা কামনা করছি। তবে এত অল্প সময়ে তাদের উচ্ছেদের বিষয়টি যথোপযুক্ত মনে হচ্ছে না। উচ্ছেদ হতে যাওয়া এসব অসহায় ও গরিব মানুষকে পুনর্বাসনের জন্য আমরা ঊর্ধ্বতন মহলকে অবহিত করে একটু দেরি হলেও তাদের পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আশা করছি।’