নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে ফিরতে প্রস্তুত জেলেরা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০৫

ইত্তেফাক ডেস্ক

ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার থেকে আবারও নদী ও সাগরে ইলিশ শিকারে যাবেন জেলেরা। নৌকা ও ট্রলারসহ তাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ছিল।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ছিল ২২ দিন।

চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের জলে ও স্থলে অভিযান অব্যাহত ছিল। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় আগামীতে ইলিশের উত্পাদন বৃদ্ধি পাবে।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, উপকূলীয় এলাকা বরগুনার পাথরঘাটার জেলেরা গত রাত ১২টা থেকে শত-শত ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েন। ২২ দিন পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হলেও আবারও নিজ পেশায় ফিরতে পেরে খুশি জেলেরা। এবার সাগর ও নদীতে ইলিশের পরিমাণ বাড়বে আশা তাদের। মত্স্য অধিদপ্তর সূত্র জানায়, নিষেধাজ্ঞার এ সময়ে মাইলিশ ডিম ছাড়তে পেরেছে। কয়েক দিন অপেক্ষা করলেই মিলবে কাঙ্খিত ইলিশ।

পাথরঘাটা উপজেলা মত্স্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সেজন্য (৯ থেকে ৩০ অক্টোবর) পর্যন্ত নদী ও সাগরে ইলিশ ধরা, মজুত, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ ছিল। বিগত বছরগুলোর চেয়ে এবারের মা ইলিশ সংরক্ষণ অনেক বেশি সফল।