খসে পড়ছে পলেস্তারা ফাটল ধরেছে পিলারে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০৫

ঝালকাঠি জেলা জজ আদালত ভবন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা জজ আদালত ভবনটি সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির ছাদ ও পিলারের রডে মরিচা পড়ে পলেস্তারা খসে পড়ছে। কোথাও দেখা দিয়েছে বিশাল ফাটল।

তথ্য সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বের এই ভনটির ধারণ ক্ষমতা ক্রমান্বয়ে কমে আসছে। দ্বিতল এই ভবনের ওপর ২০০৫-০৬ অর্থ বছরে নির্মিত হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন। এ কারণে ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিচতলার ভবনের পশ্চিম পাশের পিলারসহ বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়াও জেলা জজ আদালত ভবনটির বিভিন্ন স্থানের ছাদের পলেস্তারা খসে পড়তে শুরু করেছে অনেক আগেই। গত এক সপ্তাহ আগে জেলা জজ আদালত ভবনে বারান্দার পলেস্তারা খুলে পড়ে। এছাড়াও আদালতের হাজতখানা ভবনটির অবস্থা করুন। গত রবিবার শেষ বিকালে নলছিটি সিনিয়র জজ আদালত কার্যালয় কক্ষের ভেতরের ছাদের মরিচা ধরা রডসহ পলেস্তারা ধসে পড়ে। আদালতের কার্যক্রম শেষে এই ঘটনা ঘটায় কোনো হতাহত হয়নি। পলেস্তারা খুলে পড়ার সময় একটি বৈদ্যুতিক পাখা বাঁকা হয়ে যায়। এ বিষয়ে জেলা জজ আদালতের নায়েবে নাজির বাবু সমাজপতি হালদার জানান, আমাদের ভবনটি অনেক আগে থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।  বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ে ফাটল দেখা দিয়েছে। এ কারণে আমাদের আতঙ্কিত হয়ে কাজ করতে হচ্ছে। গণপূর্ত বিভাগের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে ভবনের সংস্কার কাজ করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান বীন কালাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জজ আদালত ভবনটি অনেক আগে নির্মাণ করায় এর ধারণক্ষমতা নাজুক হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নির্বাহী প্রকৌশলীকে নিয়ে পরিদর্শন করে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। তবে জরুরিভিত্তিতে সংস্কার কাজ করতে হলে প্রয়োজনে কিছুদিন কার্যক্রম স্থগিত রাখতে হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ১৫ দিন থেকে এক মাসের মধ্যে সাময়িক সংস্কার কাজ করতে হবে।