কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সমাবর্তন অফিসকক্ষে রেজিস্ট্রেশনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের এবং সমাবর্তন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. এ কে এম রায়হান উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীকে এ সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ডিগ্রিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীকে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট www.cou-convocation.com এ প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন-সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর এবং আগামী বছরের ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।
