আগৈলঝাড়ায় শ্বশুর শাশুড়িকে নির্যাতনের দায়ে পুত্রবধূ কারাগারে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:১১

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে খাবার না দিয়ে ঘর থেকে তাড়িয়ে নির্যাতনের অভিযোগে পুত্রবধূ মনিকা বৈরাগীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এ দণ্ড দেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নম্বর বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। বৃদ্ধ শ্বশুর ভবসিন্ধু বৈরাগী (৬৭) ঐ গ্রামের মৃত যোগেশ বৈরাগীর ছেলে।

দণ্ডপ্রাপ্ত ভবসিন্ধু বৈরাগীর বড়ো ছেলে ভ্যানচালক খোকন বৈরাগীর স্ত্রী মনিকা বৈরাগীকে বুধবার সকালে বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করে পুলিশ।

ভবসিন্ধু বৈরাগী জানান, গত ছয় মাস যাবত্ তাকে ও তার স্ত্রী বিমলাকে ঘরের বারান্দায় থাকতে বাধ্য করছে পুত্রবধূ মনিকা। কোনো রকমে বৃদ্ধ স্বামী-স্ত্রী বারান্দায় থাকলেও তাদের কোনো খাবার দেয় না মনিকা। রান্নাঘরে রান্না করতে গেলে গালাগাল থেকে শুরু করে তাদের মারধর করলেও বাড়ির কোনো লোক তাদের সাহায্যে এগিয়ে আসতে সাহস পায়নি।

ঘর থেকে তাড়ানোর জন্য তাদের ওপর পুত্রবধূর এমন অমানবিক আচরণ ও নির্যাতন চালিয়ে আসছে জানিয়ে গত ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন বৃদ্ধ ভবসিন্ধু বাড়ৈ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, ২৩ অক্টোবর ভবসিন্ধু বৈরাগীর লিখিত অভিযোগ পেয়ে তিনি মনিকাকে তার অফিসে আসার জন্য নোটিশ করেন। কিন্তু মনিকা ঐ নোটিশে কর্ণপাত করেনি। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে মনিকাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাতে আগৈলঝাড়া থানায় রাখা হয়। বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।