পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় নববধূ শিউলি বেগমকে নির্যাতন করে হাত-পায়ের রগ কেটে দেওয়ার মামলায় স্বামী শাহাজাদা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাজাদা মিয়া উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামের মুনছুর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া (সরদারপাড়া) গ্রামের ফজলুল হকের মেয়ে শিউলি বেগমের সঙ্গে শাহাজাদা মিয়ার বিয়ে হয়। বিয়েতে শিউলি বেগমের বাবা নগদ ৮৫ হাজার টাকা ও স্বর্ণালংকার যৌতুক দেন। কিন্তু বিয়ের মেহেদির রং না মুছতেই শাহাজাদা মিয়া আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন শুরু করে। গত শনিবার শাহাজাদা মিয়া ও তার পরিবারের সদস্যরা মিলে শিউলি বেগমের হাত-পায়ের রগ কেটে দেয়। এরপর হাতুড়ে ডাক্তার দিয়ে সেলাই করে এক দিন বাড়িতেই নববধূকে আটকে রাখে। রবিবার দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শিউলি বেগমকে সোমবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গৃহবধূ শিউলিকে নির্যাতনের ঘটনায় দুই জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান আসামি শিউলির স্বামী শাহাজাদা মিয়াকে পুলিশ গ্রেফতার করে।
