উত্পলকান্তি বড়ুয়া
চতুর তিনি সবাই চিনি
ছোটান কথার ঘোড়া,
সুযোগ বুঝে সাজেন নকল
ব্যাঘ্র কালো ডোরা।
দুস্থ-দুখীর সুস্থতা দেন
মাথায় ঢালেন জল,
বিল্লি হয়ে বসান আবার
ইঁদুর ধরার কল।
চান, সকলে নত থাকুক
মান্য করুক তাকে,
মধুর লোভে জেনেশুনেও
হাত দিয়ে দেন চাকে।
চাকের ভেতর ফুল ফোটা বিষ
তাঁর আছে তা জানা,
কোন মহাজন আছে তাঁকে
করবে জরিমানা?
