শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:৩৬

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পিতামাতাদের দায়িত্বশীল হতে হবে। শিশুরা আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যত্। তারা মেধা ও মনন দিয়ে দেশের সম্মান বয়ে আনবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। গতকাল তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) আয়োজিত ম্যাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে ম্যাসব্যাপী এ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দাবা ও জাতীয় নৃত্য প্রতিযোগিতা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাশিকপের সভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শিরীন আখতার এমপি। বক্তৃতা করেন উদযাপন কমিটির চেয়ারম্যান ড. মাখদুমা নার্গিস, আবুল কালাম আজাদ খান, বাশিকপ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। শিরিন আখতার এমপি বলেন, কোমলমতি শিশুদের অন্তরের কথা বুঝতে হবে। তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।