শিশু গৃহকর্মী জান্নাতীকে হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

শিশু গৃহকর্মী জান্নাতীকে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেছেন, অসহায় দরিদ্র পরিবারের শিশু জান্নাতীকে নৃশংসভাবে হত্যাকারীদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ঢাকা মহানগর জেলা শাখার সভাপতি মাহতাবুন নেসার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর শাখার লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন, আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান, সহসাধারণ সম্পাদক মঞ্জু ধর, সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, সহ-সভাপতি হোমায়রা খাতুন, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর অ্যাডভোকেসি ও লবী, অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলী, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা বেগম রোজী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

গত ২৫ অক্টোবর প্রকাশিত সংবাদে জানা যায় যে, মোহাম্মদপুরে এক প্রকৌশলীর বাসায় জান্নাতী আক্তার (১২) নামের শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। এই শিশুর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত রিপোর্টে শিশুটির দেহে ধর্ষণের আলামত পাওয়া যায় এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গৃহকর্ত্রী রোকসানা পারভীন গ্রেফতার হলেও তার স্বামী এখনো পলাতক রয়েছে।