বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়, তা লোক দেখানো ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নানা নির্যাতনের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা সরাসরি জড়িত থাকেন। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পদক্ষেপ নেয়, তা লোক দেখানো ব্যবস্থা, বহিষ্কার। আবার পরবর্তীতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।’ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভিপি নুরুল হক নুরের উদ্যোগে ‘গণরুম-গেস্টরুমে নির্যাতন ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে ছাত্র-শিক্ষক উম্মুক্ত আলোচনা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
