সাকিবের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:৪৭

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে।

মাগুরা প্রতিনিধি জানান, সাকিবের নিজ শহর মাগুরায় সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন জেলাবাসী। তারা সরকারি কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশও করেন। সমাবেশে সাবেক খেলোয়াড় বারিক অনজাম বারকি বলেন, ‘সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।’

রাবি সংবাদদাতা জানান, সাকিব আল হাসানকে ক্রিকেটে দুই বছর নিষিদ্ধের প্রতিবাদে সকালে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা ‘ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলবে না, চলবে না’, ‘পাপন হটাও, ক্রিকেট বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে সেখান থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

কর্মসূচি চলাকালে তারা তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নাজমুল হাসান পাপনের অপসারণ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে সাকিবকে ফিরিয়ে আনা এবং বিসিবিকে মেরুদণ্ড সোজা করে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করা।

শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সাকিবের বিকল্প নেই। সাকিব ছাড়া ক্রিকেট কতোটা অচল তার প্রমাণ আমরা বিশ্বকাপেই পেয়েছি। বর্তমানে তার বিরুদ্ধে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই সাকিবের শাস্তি বিবেচনা করে আইসিসি দ্রুত সাকিবকে নিয়মিত দলে অংশগ্রহণের সুযোগ দিবে।’

এদিকে আইসিসির সিদ্ধান্ত পুনঃবিবেচনার দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে মৌন মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের আরেকটি অংশ। এতে একাত্মতা জানিয়ে অংশ নেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।