আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ভোলার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবেন না। আওয়ামী লীগের ঘরের লোক হলেও খুনিকে ক্ষমা করা হবে না। অপরাধী পার পেয়ে যেতে পারবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা ভোলার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদেরকেও ক্ষমা করা হবে না। গতকাল বুধবার চরফ্যাশন-বেতুয়া সড়কের উদ্বোধন শেষে আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে নেবেন না। খারাপ লোকেরা বসন্তের কোকিল। বসন্ত চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। মন্ত্রী বলেন, ক্ষমতা চিরদিন থাকবে না। এমন কোনো কিছু করবেন না, যাতে নেত্রীর উন্নয়ন ম্লান হয়ে যায়। শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়েদুল কাদের বলেন, শেখ হাসিনা লোক দেখানো শুদ্ধি অভিযান করছেন না। তিনি আপন ঘরের লোককেও ছাড় দেননি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইস্যু খুঁজছেন। বিএনপি নিরাপদ সড়ক আন্দোলন থেকে কোটা আন্দোলন পর্যন্ত ইস্যু খুঁজে পাননি। ভর করেছে আবরার হত্যাকাণ্ডের ওপর। সর্বশেষ বিএনপি ভোলার ঘটনায় পানি ঘোলা করে মাছ শিকার করতে চেয়েছে।
স্থানীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।
