জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৩১ অক্টোবর। ১৯৭২ সালের এই দিনে জাসদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ, আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। জাসদের তিন অংশের নেতৃবৃন্দই গতকাল বুধবার পৃথক বিবৃতিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গতকাল এক বিবৃতিতে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জাসদের সংগ্রাম এগিয়ে নিতে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। নেতৃদ্বয় বলেন, জাসদের ৪৭ বছরের ইতিহাসে প্রমাণিত হয়েছে যে জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা দলের নেতারা দলের পাহারাদার মাত্র।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা সাড়ে তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
আ স ম রবের জেএসডি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বেলা তিনটায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহিদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করবে।
