রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বড়ো ভাইয়ের সঙ্গে বাগিবতণ্ডার সময় শামীম (২২) নামে এক যুবক নিজের পেটে ছুরি চালিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। গতকাল বুধবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
নিহত শামীমের স্ত্রী সোনিয়া আক্তার সাংবাদিকদের জানান, প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়। শামীম একেক সময় একেক কাজ করতেন। তবে প্রায়শই মাদক সেবন করতেন। এ নিয়ে পারিবারিক সমস্যা সৃষ্টি হয়। সোনিয়া বলেন, ‘তার মাদক সেবনের বিষয় নিয়ে গত সোমবার আমার ভাশুরের (শামীমের বড়ো ভাই) সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেগে গিয়ে শামীম নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে রাতে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শামীম পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের হাবিব মৃধার ছেলে। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর কাজলার নয়ানগর এলাকায় থাকতেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
০
