মানিকগঞ্জে যমুনা নদীতে মা ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌপুলিশের ওপর জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে শিবালয়ের আলোকদিয়া চর এলাকায় এই ঘটনা ঘটে।
নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ জানান, ভোর ৬টার দিকে পাটুরিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের নেতৃত্বে যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান শুরু হয়। অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে ৩টি নৌকা থেকে ৭ জন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। এক ঘণ্টা অভিযানের পর অপর একটি মাছধরার নৌকা আটকের চেষ্টাকালে ঐ নৌকার জেলেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্যরা হামলা উপেক্ষা করে তাদেরকে আটকের চেষ্টা করলে আশেপাশে থাকা আরো কয়েকটি মাছধরার নৌকা এসে পুলিশদের স্পিডবোট ঘিরে ফেলে। নিরাপত্তার কথা ভেবে পুলিশ সদস্যরা সেখান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হন।
মো. আব্দুলাহ আরেফ বলেন, তিনি খবর পেয়ে দ্রুত আরিচা ঘাট এলাকায় যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় কেউ তেমন আঘাত পাননি উল্লেখ করে তিনি বলেন, নৌপুলিশের জনবল সংকট এবং দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জেলেরা তাদের ওপর হামলা করার সাহস পেয়েছে। শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
