প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হতে হলে সন্তান ঐ স্কুলের শিক্ষার্থী হতে হবে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২৩:৫৯

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা হিসেবে সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে বলে সুপারিশ করেছে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম ও ফেরদৌসী ইসলাম অংশ নেন।

বৈঠকে দেশের ৬৪ জেলায় চলমান মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রমের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তদারকির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, ১৮ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান। নতুন জাতীয়করণকৃত স্কুলে এ সকল শিক্ষককে পদায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ই-প্রাইমারি স্কুল সিস্টেম এবং ই-মনিটরিং কার্যক্রমের রোডম্যাপ তৈরি হয়েছে বলে কমিটিকে জানানো হয়।