সাভারে ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০০:০০

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় হোসেন (১৫) আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় ইকরা প্রি-ক্যাডেট এন্ড স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলো বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে জয় কোনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাইপাইল- আব্দুল্লাহপুর সড়ক দিয়ে আশুলিয়া যাচ্ছিল। সে সরকার মার্কেট এলাকায় পৌছলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলসহ জয় সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, ঘাতক ট্রাক ও বাসটিকে আটকের  চেষ্টা চলছে।