ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা সংক্রান্ত মামলার নথি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের পাঁচ কার্যদিবসের মধ্যে সরবরাহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তুষার কান্তি রায়।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর র্যাব হেডকোয়ার্টার্সের মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ম্যানেজার মো. মহিউদ্দিনকে ছয় মাসের সাজা দেন। পুরানা পল্টন এলাকায় পরিচালিত ঐ অভিযানে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডের ঐ আদেশের বিরুদ্ধে আপিল করবেন মর্মে মামলার সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য ২৫ সেপ্টেম্বর আবেদন করেন তার স্ত্রী। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তিনি এখন সার্টিফাইড কপি পাননি। এ অবস্থায় দ্রুত সার্টিফাইড কপি পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনে করেন ঐ ব্যক্তি।
