প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করেছে লেবানন। দেশের প্রধান প্রধান মহাসড়ক খুলে দেওয়া হয়েছে। সেনাবাহিনী বিক্ষোভকারীদের প্রতি সড়ক অবরোধের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ দিনের বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন সাদ হারিরি। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিপরিষদকে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে বলেছেন। সেনাবাহিনী রাজধানী বৈরুতের বিভিন্ন রাস্তা খুলে দিয়েছে। তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ করা রাস্তাগুলো খুলে দেন। আল-জাদিদ টেলিভিশনের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সেনাবাহিনী রাস্তায় ফেলে রাখা একটি পিকআপ তুলে নিচ্ছে। বৈরুতের প্রধান সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সেনাবাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা করে। বিক্ষোভকারীরা সাদ হারিরির কিছু সহযোগীরও পদত্যাগ দাবি করেন। তারা অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি জানান। কিছু বিক্ষোভকারী রাস্তার কিছু অংশ আটকে আছেন। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আন্দোলন করার অধিকার সবার আছে। তবে সেটা হতে হবে পাবলিক স্কোয়ারে। বিক্ষোভের মূল কেন্দ্রস্থল শান্ত আছে। তবে বিক্ষোভ না থাকলেও সেনাবাহিনী নিরাপত্তার কারণে বন্ধ করে রেখেছে।
