ইরাকি প্রধানমন্ত্রীর পাশে নেই মিত্ররা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০০:০৭

ইরাকি প্রধানমন্ত্রী আবেদল আবদুল মাহাদির পাশে নেই তার মিত্ররা। তার দুই প্রধান সমর্থক গোষ্ঠী তাকে সরে গিয়ে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে। কিছুদিন ধরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে। রাজধানী বাগদাদে বিক্ষোভ আরো বেড়েছে। খবর রয়টার্সের

জনপ্রিয় শিয়া ধর্মগুরু মুক্তাদা আল-সদর পার্লামেন্টের বেশির ভাগ আসনের নিয়ন্ত্রক। তিনি প্রধানমন্ত্রীকে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। যখন প্রধানমন্ত্রী অস্বীকার করেছেন, তখন মুক্তাদা আল-সদর তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হাদি আল-আমিরিকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে। আমিরি ইরান সমর্থিত শিয়া গ্রুপের নেতা। সদরের পর তার দলই বেশি আসন নিয়ে পার্লামেন্টে আছে। মঙ্গলবার তারা মাহাদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করতে একমত হয়েছেন এবং বিবৃতি দিয়েছেন। আমিরি বিবৃতিতে বলেছেন, ‘আমরা ইরাকি জনগণের স্বার্থে এবং জাতিকে রক্ষায় একত্রে কাজ করব। প্রায় এক বছর আগে আবদুল মাহাদি ক্ষমতায় আসেন। সদর এবং আমিরি সরকার গঠনে পর্যাপ্ত আসনে জয় না পাওয়ায় ভঙ্গুর জোট সরকারকে নেতৃত্ব দিতে মাহাদিকে প্রধানমন্ত্রী পদে বসান। কিন্তু ক্ষতিগ্রস্ত অর্থনীতি এবং দুর্নীতির জন্য বিক্ষোভ দানা বাঁধে। গত পহেলা অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভে প্রায় আড়াই শ নিহত হয়েছেন।