বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া ভীষণ অসুস্থ হলেও তার চিকিত্সা নিয়ে পরিকল্পিতভাবে সত্য গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম লিখিত বক্তব্যে বলেন, খালেদা জিয়া হাইলি অ্যাক্টিভ ডিফরমিং, রিমেটয়েড আর্থ্রাইটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন। তিনি জেলখানায় সঠিক চিকিত্সা না পাওয়ায় এবং স্বাভাবিক পরিবেশ না থাকায় তার রোগসংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। আমরা মনেকরি ষড়যন্ত্রমূলকভাবে তাকে তিলে তিলে নিঃশেষ করার অপপ্রয়াসে তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করা হচ্ছে। একাধিক রোগে জটিলতার কারণে খালেদা জিয়ার হাত ও পায়ের ছোটো ছোটো জয়েন্টগুলোসহ বিভিন্ন জয়েন্ট ফুলে গেছে এবং তাতে তীব্র ব্যথা হচ্ছে। তিনি ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি সুচিকিত্সা পেলে এমন অবস্থা হতো না। জটিল পরিস্থিতি হওয়ার আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সক দ্বারা তার সুচিকিত্সার ব্যবস্থা করা হোক। তাকে জামিন দিয়ে মুক্ত পরিবেশে পছন্দমতো হাসপাতালে চিকিত্সা নেওয়ার সুযোগ দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর সাবেক প্রোভিসি ডা. এম এ মান্নান, ড্যাবের সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, ড্যাব নেতাদের মধ্যে ডা. মাজহারুল ইসলাম দোলন, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. কাকন, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. শেখ ফরহাদ, ডা. শামসুল, খালেকুজ্জামান দীপু প্রমুখ।
