ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম (ডব্লিউআইইএফ) এবং দক্ষিণ-পূর্ব এশীয় কোঅপারেশন (এসইএসিও) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে। ডব্লিউআইইএফর সেক্রেটারি জেনারেল আহমদ ফুজি আবদুল রাজ্জাকের নেতৃত্বে ডব্লিউআইইএফ এবং এসইএসিওর সাত সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্কালে এ প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ডব্লিউআইইএফ এবং এসইএসিওর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে গঠনমূলক আলোচনা করেছেন। বৈঠকের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আঞ্চলিক সহযোগিতা : রূপান্তরিত অর্থনীতি’। ডব্লিউআইইএফর সেক্রেটারি জেনারেল ২০২০ সালে কাতারে ডব্লিউআইইএফ এবং এসইএসিওর পরবর্তী সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। তিনি ২০২১ সালে ডব্লিউআইইএফ এবং এসইএসিওর সম্মেলনের জন্য স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করেন।
প্রধানমন্ত্রী ডব্লিউআইইএফ এবং এসইএসিওর গোলটেবিল বৈঠকের আলোচ্যসূচির প্রশংসা করেন। তিনি বলেন, দেশে আরো শিল্পায়ন ও অধিক কর্মসংস্থানের লক্ষ্যে ১০০ ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হচ্ছে। শেখ হাসিনা বলেন, এ জোনে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
