নগরীর উন্নয়নে দলীয় বিবেচনা করা হবে না —মেয়র জাহাঙ্গীর আলম

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০০:৩২

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, উন্নয়ন ও জনসেবাকে আমরা প্রাধান্য দিয়েছি। দেশের বৃহত্তম সিটি করপোরেশনের উন্নয়নে আমরা দলীয় বিষয়টাকে বিবেচনায় আনব না। আমি আওয়ামী লীগের মনোনীত হলেও নগরীর সব শ্রেণি পেশার মানুষের মেয়র। সবার জন্যই আমি কাজ করতে চাই। মেয়রের কাজ হচ্ছে প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া। সেজন্য আমি কাজ করে যাচ্ছি। তিনি বুধবার বিকালে সালনা বাজার এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ৫ নম্বর জোনের আয়োজনে ‘রাজনীতি যার যার, উন্নয়ন সবার, আমরা উন্নয়নের পক্ষে’ এই স্লোগানকে সামনে রেখে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মেয়র জোন ৫ অঞ্চলের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, সিটি করপোরেশনের এ অঞ্চলের জন্য এরই মধ্যে ৬৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।