পৌরসভায় সেবার সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার ঋণ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৫:০৬

সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের উন্নয়নসহ ৩০টি পৌরসভায় সেবার সক্ষমতা বাড়াতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বুধবার শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ইআরডি সচিব মনোয়ার আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টিমবন চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, স্বচ্ছ ও যথাযথভাবে অর্থ ব্যবহার করতে হবে, যাতে জনগণ উপকৃত হতে পারে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জনগণ সুপেয় পানি পাবে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে। যথাসময়ে ও স্বচ্ছভাবে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ৬ লাখ মানুষ উপকৃত হবে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

আরো পড়ুন: সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা- ভাতিজার মৃত্যু

পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত পৌরসভায় পাইপলাইনের পানি সরবরাহব্যবস্থার উন্নতি করা হবে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পৌরসভার বস্তি এলাকার অবকাঠামো, পানি শোধনাগার, পানি সংরক্ষণ, বসতবাড়িতে পাইপলাইনের সংযোগসহ স্যানিটেশনের উন্নতি হবে। কিছু পাবলিক টয়লেট স্থাপন করা হবে প্রকল্পের আওতায়।

ইত্তেফাক/বিএএফ