নিষেধাজ্ঞার শেষ দিনে ইলিশ শিকারের চেষ্টা, ৮৫ জেলের দণ্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৫:৩৭

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযানের শেষ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করতে নদীতে নামার অপরাধে ৮৫ জেলেকে দণ্ড দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড দেওয়া হয়। এ সময় তাদের কাছে থেকে জব্দকৃত ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ৬৮ জন জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১৭ শিশু জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকালে সাজাপ্রাপ্ত জেলেদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: ভোলায় বিপ্লবসহ ৩ জনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, অভিযানের শেষ দিনে মেঘনার চাচড়া, গুরিন্দা, বাসনভাঙ্গারচর, চর নাসরিন, নাগর পাটওয়ারীর চর, বরিশাল খাল, সিডারচর, হুজুরের খাল, পাইলট ঘাট, আনন্দ বাজার ও মহেশখালী মৎস্য ঘাট সংলগ্ন মেঘনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে মাছ ধরার অপরাধে ৮৫ জেলেকে আটক ও প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। 

তিনি আরও জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। নিষেধাজ্ঞার ২২ দিনে তজুমদ্দিনে ১১৯ জন জেলেকে দণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম