জয়িতাদের সম্মাননা জানালো খুলনা জেলা প্রশাসন

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৬:৫৪

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা মহানগর ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 
 
২০১৮-১৯ অর্থ বছরে খুলনা জেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে জাহানারা বেগম, শিক্ষা ও চাকরিতে সৈয়দা নাহিদা হাবিবা, সফল জননী রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে স্মৃতি বিশ্বাস এবং সমাজ উন্নয়নে সন্ধ্যা রাণী বিশ্বাস। 

এছাড়া ২০১৮-১৯ অর্থ বছরে সিটি কর্পোরেশন এলাকায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সাবেরা মারজানা এবং সমাজ উন্নয়নে সন্ধ্যা রাণী বিশ্বাস।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, জয়িতাদের অবদান সমাজে ছড়িয়ে দিতে পারলে নারীরা আরও উৎসাহিত হবেন। সরকার নারীদের সকল ক্ষেত্রে অধিকার দিয়েছে। তৃণমূল থেকে উঠে আসা খুলনার পাঁচ হাজার নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হবে।

আরও পড়ুন: সৌদি যুবরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন লিন্ডসে লোহানের বাবা

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান এবং জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন। 

ইত্তেফাক/এসি